
নিউজ ডেস্কঃ ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান বলেন, আমরা বোমাবাজির রাজনীতি সমর্থন করিনা। বিএনপি-জামায়াত এ দেশে বোমাবাজি সন্ত্রাস করে খালেদা জিয়াকে মুক্তির চিন্তা করছে, কিন্ত তা কখনো হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন সফল করার লক্ষে আলোচনা সভা করেছে ফেনী পৌর যুবলীগ। রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের তাকিয়া রোডের নাদিয়া হোটেলের সম্মুখে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পকেট ভারী করার রাজনীতি করলে চলবে না। রাজনীতি করলে মানুষ, দেশ এবং দলকে ভালোবাসতে হবে।
পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে ফেনীতে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের তৎপরতা এবং চাঁদাবাজির কারণে শহরের ব্যবসায়ীরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বর্তমানে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর জন্য শান্তিপূর্ণভাবে মানুষ তাদের ব্যবসায় পরিচালনা করতে পারছে।