
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে স্বাভাবিক হয় ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার (৫ জানুয়ারি) দিনগত রাত পৌনে ২টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরির চালকরা। নৌরুটের সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, সকাল ৯টার দিকে নৌরুটের কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।