
নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাতেই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেয়া হয়।বান্ধবীর সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে বিশ্ববিদ্যালয়ের বাসে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যায়ের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী।গন্তব্য শেওড়া হলেও ভুল করে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে যান ওই শিক্ষার্থী। সেখান থেকে হেঁটে শেওড়া যাওয়ার পথে দুর্বৃত্তরা মেয়েটির গলা ও মুখ চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে ধর্ষণ করে সাথে থাকা ব্যাগ মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে জ্ঞান ফিরলে ওই ছাত্রী একটি সিএনজি নিয়ে বান্ধবীর বাসায় পৌঁছেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
খবর পেয়ে মেডিক্যালে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের শিক্ষকরা। প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, 'তার চেক আপ সম্পন্ন হয়েছে। তাকে বিশেষ পরিচর্যার মধ্যে রাখা হয়েছে।' শিক্ষার্থীর খোঁজ-খবর নিতে রাতেই হাসপাতালে যান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার তীব্র নিন্দা জানান তারা। পরে রাত তিনটার দিকে ধর্ষণের প্রতিবাদে ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে আজ একই দাবিতে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ।বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, 'দ্রুততর সময়ের মধ্যে ধর্ষকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য কতৃপক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে।'
॥ধর্ষণের ঘটনায় মামলা দায়ের ॥
এদিকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস। এ ঘটনায় সোমবার (০৬ জানুয়ারি) ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সকালে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি শুরু করেছেন কয়েকজন শিক্ষার্থী। একই সঙ্গে ছাত্রলীগ বিক্ষোভে করছে। এছাড়া মধুর ক্যান্টিন থেকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। এছাড়া ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে একটি পেইজ তৈরি হয়েছে, যেখানে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে, ঢাকা মেডিকেলে নির্যাতিত শিক্ষার্থীকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।