
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়ে এক ঘন্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামে চিকিৎসকরা। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে এ প্রতীকী কর্মবিরতি পালন করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। তিনি বলেন, তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএ’র প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম বিএমএ ১ ঘন্টার প্রতীকী কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে চমেক হাসপাতালসহ চট্টগ্রামের সকল চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি পালনের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিএমএ’র কর্মসূচি থাকায় ১১টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। তবে জরুরি বিভাগের সেবা এবং জরুরি অপারেশন কার্যক্রম চালু ছিল। শুধুমাত্র রুটিন কার্যক্রম পালন করা চিকিৎসকরাই কর্মবিরতি পালন করে। কর্মবিরতির আগেও আমরা রোগীদের সেবা প্রদান করেছি। এমনকি সময় শেষ হওয়ার পরও আমরা রোগীদের সেবা প্রদান করবো।
এসময় প্রশ্ন রেখে তিনি বলেন, চিকিৎসা কি কোনও ফৌজদারি কর্মকাণ্ড? চিকিৎসা কি কোনও অপরাধী কর্মকাণ্ড যে চিকিৎসার ভুলে চিকিৎসকদের ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হচ্ছে? প্রসঙ্গত, ১৩ নভেম্বর ভুল চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়া এলাকার ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যুর অভিযোগে তার বাবা শিহাব আহমেদ গেন্দু ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্ত তিন চিকিৎসক হলেন- ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. ডিউক চৌধুরী, অরুনেশ্বর পাল অভি ও শাহাদাত হোসেন রাসেল।