
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে গত ৩১ ডিসেম্বর গুলশান থানায় মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ১৩ ডিসেম্বর অর্থমন্ত্রীর গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কের বাসায় চুরির ঘটনা ঘটে। তাঁর বাসার গৃহকর্মী সালমা বেগম ঘরের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে গেছেন। এ ঘটনায় সালমা বেগমকে আসামি করে গুলশান থানায় মামলা করেছেন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন। ঘটনার পর থেকে সালমা বেগম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ২০ দিন আগে চুরির ঘটনা ঘটলেও অভিযুক্ত সালমা বেগমকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সালমা বেগমের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।