
নিউজ ডেস্কঃ মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনায় অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা । বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে দ্বিতীয় পর্যায়ের অনশন কর্মসূচি পঞ্চমদিনেও অব্যাহত রয়েছে। এদিন পাটকল শ্রমিকদের সঙ্গে অনশনে যোগ দিয়েছেন তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরাও। শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতে অনড় রয়েছেন। খুলনার প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ইস্টার্ন, আলিম, ক্রিসেন্ট জুট, যশোরের জেজেআই, কার্পেটিং মিল শ্রমিকরা নিজ নিজ মিলগেটে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে স্টার জুটমিলের শ্রমিকরা খালিশপুর বিআইডিসি সড়কে কর্মসূচি পালন করছেন। শ্রমিকরা খুলনার নতুন রাস্তা মোড়ে অবস্থান নেওয়া যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
জানা যায়, খুলনার সাতটি পাটকলে প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। সবখানেই শ্রমিকদের মজুরি আট থেকে ১০ সপ্তাহ বকেয়া পড়েছে। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতিতে তাদের জীবনযাপন সংকটাপন্ন হয়ে পড়েছে। সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকদের বিমার বকেয়া প্রদান, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার অর্থবরাদ্দ, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ১১ দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল সরকার। কিন্তু দাবিগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় সাধারণ শ্রমিকরা রাস্তায় নেমে এসেছেন।