
নিউজ ডেস্কঃ ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার স্বপ্ন’- এমন মন্তব্য করেছেন দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান রেডিও ক্যাপিটালের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মিডিয়া কমপ্লেক্সে রেডিওর কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকালে কেক কেটে রেডিও ক্যাপিটালের বর্ষপূর্তি উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বসুন্ধরা চেয়ারম্যান।এ সময় রেডিও ক্যাপিটালের কর্মী, শ্রোতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমার স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই আমি ইস্ট-ওয়েস্ট মিডিয়া শুরু করেছি।’ ‘সেই মিডিয়া হাউজ আজ শুধু বাংলাদেশই নয়, বরং দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিডিয়া হাউজ। আমি আশা করি একদিন পুরো দক্ষিণ এশিয়া থেকেই আমার পত্রিকা বের হবে। রেডিও ক্যাপিটাল পৌঁছে যাবে দেশের ৬৪ জেলায়।’ বসুন্ধরা গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর সাফল্যের বড় কৃতিত্ব কর্মীদের দিয়ে দেশের প্রধান এই শিল্পোদ্যোক্তা বলেন, আমার বিষয়ে বলা হয়, আমি সব ব্যবসাতেই সফল হই। এর মূল কৃতিত্ব বসুন্ধরা গ্রুপের সকল কর্মীর।’