
নিউজ ডেস্কঃ দেশের শতকরা ৯০ ভাগ মানুষ বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে চ্যালেঞ্জ ছুড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন। বন্দুক দিয়ে কোনো সরকারই চিরদিন ক্ষমতায় থাকতে পারে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মুক্তি না হলে চলমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব নয়। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ১০০ জন লোককে রাস্তায় জিজ্ঞেস করে দেখুন, এর মধ্যে ৯০ জন বলবে আমরা এই সরকারকে চাই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্য বিএনপি মহাসচিব বলেন, আপনার পুলিশ বাদ দিয়ে আসুন, দেখুন সাধারণ মানুষ কি বলে? গোটা দেশের মানুষ আজকে পরিবর্তন চায়। এদিকে বেগম খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, তার (খালেদা) রুমে একটা রুম হিটার দেয়ার জন্য গিয়েছিল। এই ভয়ঙ্কর, নির্মম সরকার সেই হিটার লাগাতে দেয়নি। আপনারা খালেদা জিয়াকে মুক্তি দিন। তিনি বের না হলে এ রাজনৈতিক সমস্যার সমাধান হবে না।