
নিউজ ডেস্কঃ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। একাদশ সংসদ নির্বাচনের প্রথম বার্ষিকীকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে সোমবার সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল বাম দলগুলোর। দুপুরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে শুরু হওয়া মিছিল দুই দফা পুলিশের বাধার মুখে পড়ে। মৎস্য ভবন এলাকায় ব্যারিকেড ভেঙে জোটের নেতাকর্মীরা সামনে যেতে চাইলে পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে।পুলিশের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে বাম জোট।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জোটের নেতাকর্মীদের হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।