
নিউজ ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা জেডিসি'র ফল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বই উৎসবের উদ্বোধন করেন তিনি। এর আগে, প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং বলেন, "আমরা আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা সব ধরনের শিক্ষা অর্জন করতে পারে। ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষা দীক্ষায় এগিয়ে যায়, উন্নত পরিবেশ পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।" বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১টায় সংবাদ সম্মেলনের পর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে।