News71.com
 Bangladesh
 30 Dec 19, 11:47 AM
 112           
 0
 30 Dec 19, 11:47 AM

সিটি নির্বাচনের জন্য বিএনপিকে ইভিএম চেক করার আহ্বান জানাল ইসি॥  

সিটি নির্বাচনের জন্য বিএনপিকে ইভিএম চেক করার আহ্বান জানাল ইসি॥   

নিউজ ডেস্কঃ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে স্বচ্ছতা নিয়ে কোনো সন্দেহ থাকলে যন্ত্রটি পরীক্ষা করে দেখতে বিএনপিকে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি কেন্দ্রে কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর ব্যবস্থা থাকবে উল্লেখ করে এ আহ্বান জানান ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম। নির্বাচন ভবনে রোববার (২৯ ডিসেম্বর) বিএনপির ইভিএম নিয়ে অভিযোগের প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ভোটযন্ত্রটির সিকিউরিটি নিশ্চিত করে কাস্টমাইজ করা হয়। তবে দলের বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। ব্যবস্থাপনার দিক থেকে বলতে পারি, ইভিএমে অনৈতিক কার্যক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও কেউ যদি রিচেক করতে চায় তাদের আমরা স্বাগত জানাই। ‘আমরা ইভিএম প্রদর্শনীর আয়োজন করবো। কারো সন্দেহ থাকলে, তারা এসে দেখতে পারেন। আমরা যে নিরাপত্তা নিশ্চিত করছি, তাতে আমরা কনফিডেন্ট কোনো অনৈতিক কর্মকাণ্ড কারো পক্ষে করা সম্ভব হবে না। কারো কনফিউশন থাকলে আমরা তাদের কাছে পৌঁছে যাবো।'

তিনি বলেন, নির্বাচনী এলাকায় ইভিএম নিয়ে কেউ অপব্যবহারের চেষ্টা করছে আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। যদি কোনো তথ্য থাকে, সুনির্দিষ্ট তথ্য থাকে প্রমাণসহ, আমরা সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবো। নির্বাচনে ইভিএমের অপব্যবহার হলে প্রয়োজনে সেসব কেন্দ্র বা বুথ বন্ধ করে দেওয়া হবে। কেউ অপব্যবহার করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নিতে কমিশন বদ্ধপরিকর। এনআইডি মহাপরিচালক বলেন, উত্তর ও দক্ষিণ সিটি ভোটে ২ হাজার ৬শ ভোটকেন্দ্র রয়েছে। ভোটকক্ষ থাকবে ১৪ হাজার ৬শ বা তার বেশি। প্রতি কক্ষে একটি করে ইভিএম ব্যবহার করা হবে। আর একটি করে ব্যাকআপ থাকবে। ইভিএম ব্যবহারে কারিগরি সহায়তার জন্য প্রতি কেন্দ্রে মোতায়েন থাকবে দু’জন করে সশস্ত্র বাহিনীর সদস্য। তিনি বলেন, ভোটাররা ইভিএমে যাতে ভোট দেওয়ার সম্পূর্ণ ধারণা পেতে পারে, সেজন্য বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হবে। সেখানে সহজেই লেখা থাকবে মাত্র দুই বোতামে চাপ দিয়ে ভোট দেওয়ার বিষয়ে এবং কীভাবে ভোট দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন