
নিউজ ডেস্কঃ ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকারের প্রতি ন্যূনতম মানুষের সমর্থন নেই। আমরা ক্ষমতার রাজনীতি করি না, তবে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মাঠ ছাড়বো না। আমরা পকেট ভরতে রাজনীতি করছি না, তবে জনগণের টাকা দেশের বাইরে চলে যাবে, এটা হতে দেবো না। এবার আমরাও মাঠে এসেছি, ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হচ্ছে, ভোট ডাকাতি সরকারে পতন না হবে।’ রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব বলেন, চোরেরা চুরি করে ক্ষমতায় এসেছে, আবার তারা বলে বড় বড় কথা। চোরের মার বড় কথা বলা চলে না। জনগণ আর ভোট চুরিওলাদের ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, আমাদের শহর থেকে গ্রামে সর্বত্র আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। চোরদের দেখলেই বলতে হবে তুই চোর। আমরা মাঠে যখন এসেছি চোর সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না। নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ডাকসুর ভিপি নুরের ওপর যেভাবে হামলা হয়েছে, সেই ছবি ভিডিওগুলো কোথায়। এখন আবার নূরের নামে মামলা হয় কেন? এসব ফোরটুয়েন্টি ফাইজলামি বাদ দেন দেশের মানুষ সব বুঝে। ছাত্র আন্দোলনকে সবাই ভয় করে এই সরকারও করছে, তাই বারবার হামলা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকজন গেলেই তারা বহিরাগত হবেন? সবার আসার অধিকার আছে, এখানে ছাত্রের বাবা-মা যান, পরীক্ষার সময় শিক্ষার্থীরা যান। তিনি নুরের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।