News71.com
 Bangladesh
 29 Dec 19, 07:26 PM
 153           
 0
 29 Dec 19, 07:26 PM

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ ॥ রিমাণ্ডে সেই তরুণ

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ ॥ রিমাণ্ডে সেই তরুণ

নিউজ ডেস্কঃ দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে শেখ রাসেল (২০) নামে এক তরুণকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে ওই তরুণকে আদালতে হাজির করে তেজগাঁও থানার পুলিশ। শুনানি শেষে দুদিন রিমান্ডে নিয়ে শেখ রাসেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই তরুণের প্রবেশের রহস্য জানতে তাকে রিমান্ডে নেয়া হয়েছে বলে শনিবার (২৮ ডিসেম্বর) জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দেয়াল টপকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে শেখ রাসেলকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। এর পর তাকে পুলিশে দিলে বিনাঅনুমতিতে সংরক্ষিত এলাকায় প্রবেশের দায়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন তেজগাঁও থানার পুলিশ।

২৬ ডিসেম্বর তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন। জানা গেছে, ওই তরুণের নাম শেখ রাসেল (২০)। তিনি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। শেখ রাসেলের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝ বরাবর কাঁঠালগাছে উঠে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে শেখ রাসেল। কিন্তু তাতে ব্যর্থ হয়ে নিচে পড়ে আহন হন তিনি। আহত রাসেলকে এসএসএফ (অপারেশন) অফিসে নিয়ে যায়। এর পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন তেজগাঁও পুলিশের এএসআই মিজানুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন