
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার পরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সকালে মধুর ক্যান্টিনে তিন দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর চারটি ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা। এ জন্য ছাত্রদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে ছাত্রলীগ। অভিযোগ প্রত্যাখান করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ছাত্রদল।এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে ভিপি নূর ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ, ডাকসু এজিএস সাদ্দাম হোসেনের। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবারের পরিত্যক্ত অবিস্ফোরিত ককটেল উদ্ধারের পর এবার পরপর ককটেল বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হল মধুর ক্যান্টিন এলাকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদলকে দায়ী করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তবে নিজেদের নির্দোষ দাবি করে ছাত্রদল নেতারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে এসে প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টার অংশ এটি। এ ঘটনায় জড়িতদের ছাড় না দেয়ার কথাও জানান তিনি। এদিকে পুর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে ডাকসু এজিএস সাদ্দাম হোসেন ভিপি নূরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অভিযোগ আনেন। এ সময় নূরের পদত্যাগসহ ৬ দফা দাবি পেশ করা হয়।