
নিউজ ডেস্কঃ সাভারে ছাগলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানিতে পড়ে দু’জনের নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ট্রাকচালকসহ আরও একজন। এ ঘটনায় প্রাণ গেল ট্রাকে থাকা শতাধিক ছাগলের। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাচুলিয়া গ্রামের ওয়ারেস আলীর ছেলে ও ট্রাক চালকের সহযোগী (হেলপার) হাসান (২৩) এবং একই গ্রামের মৃত ইসলাম হোসেনের ছেলে ছাগলের ব্যাপারী জাকারিয়া জাকির (৩০)। নিখোঁজ রয়েছেন ট্রাক চালকসহ আরও এক ব্যাপারী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহযোগী হাসান নিহত হন। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে জাকির নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঠান্ডায় জলে ডুবে ট্রাকে থাকা বেশিরভাগ ছাগলেরই প্রাণ গেছে।
ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, খবর পেয়ে রাতেই সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত হাসানের মরদেহ উদ্ধার করে। পর দুপুরে দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে তোলার চেষ্টা চলছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসা নিহত জাকারিয়ার ফুফাতো ভাই নূর নবী বলেন, ট্রাকটিতে ২৩০টি ছাগল ছিল। এর মধ্যে ২০-৩০টি ছাগল দুর্ঘটনার পর চুরি হয়ে গেছে। বাকি প্রায় সব ছাগলেরই প্রাণ গেছে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, উদ্ধার হওয়া নিহত দুই ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ট্রাক চালকসহ আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।