
নিউজ ডেস্কঃ ব্যাংকের এটিএম বুথের মতোই কাউন্টার থেকে কার্ড পাঞ্চের মাধ্যমে পানি বিক্রি করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। প্রতি লিটার ৬০ পয়সা মূল্যে আপাতত খুলশীতে একটি বুথের মাধ্যমে ১ জানুয়ারি থেকে অত্যাধুনিক এ ব্যবস্থায় পানি বিক্রি করা হবে। ২০২০ সালে ১০০ পয়েন্টে স্থাপন করা হবে পানির এটিএম বুথ। পুরোপুরি যেন ব্যাংকের এটিএম বুথ। সাজ-সজ্জাও অনেকটা সে রকম। তবে ব্যাংকের বুথে টাকা বের হয়ে আসলেও এখানে নির্ধারিত কার্ড পাঞ্চ করার পর পাইপ দিয়ে বের হয়ে আসবে বিশুদ্ধ পানি। কার্ড তুলে নিলে পানিও বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, আমরা যতটা পিউরিফাই করেছি তার থেকেও বেশি করার চেষ্টা হবে। মূলত চট্টগ্রাম ওয়াসার কাছ থেকে পানি কিনে নিচ্ছে ড্রিংক অয়েল নামে মার্কিন একটি প্রতিষ্ঠান। এরপর সেই পানি আরও তিনবার পরিশোধনের মাধ্যমে দেয়া হচ্ছে এটিএম বুথে। বুথের ভেতরের অংশে থাকছে পানি পরিশোধনের ব্যবস্থা। ২০০ টাকা দিয়ে কেনা যাবে এটিএম কার্ড। সেই সঙ্গে থাকছে রিচার্জের ব্যবস্থা। চট্টগ্রাম ড্রিঙ্ক অয়েলের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, দুই কপি ছবি ও একটি আইডি কার্ডের ফটোকপি দিয়ে যে কেউ বুথ থেকে ২০০ টাকা দিয়ে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। এতে ৫০ থেকে যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করা যাবে।