
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর এলাকায় সব তফসিলি ব্যাংক আজ শুক্র (২৭ ডিসেম্বর) ও শনিবার (২৮ ডিসেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে প্রকাশিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জামানতের অর্থ জমা দেয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর (শুক্র ও শনিবার) ঢাকা মহানগরীর সব তফসিলি ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক খোলা রাখার নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য রাজধানী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ভাগ হওয়ার পর ২০১৫ সালের এপ্রিলে দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ১৪ মে, দক্ষিণ সিটিতে ১৭ মে। এ হিসাবে ঢাকা উত্তরের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে আর দক্ষিণে একই বছরের ১৬ মে। ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ১৮টি। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩৪৯টি এবং ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি।