
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাঘা উপজেলার একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় হতবিহবল হয়ে পড়েছে স্বজনরা। দুর্ঘটনার খবরে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। আগামী শুক্রবার মাসুমের ছোটবোন জেসমিনের বিয়ে। তাই মাকে সাথে নিয়ে স্ত্রী ও সাত মাসের শিশু রুজিবকে আনতে কুষ্টিয়ার ভেড়ামারায় শ্বশুর বাড়িতে যান। কিন্তু আসার পথে ঘাতক ট্রাক কেড়ে নেয় সিএনজি চালকসহ একই পরিবারের চারজনের প্রাণ। স্ত্রী, একমাত্র ছেলে, নাতি ও পুত্রবধূকে হারিয়ে নির্বাক স্কুল শিক্ষক আব্দুস সালাম। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় পর বিয়ে বাড়িতে চলছে শোক। বিয়ের মাত্র তিনদিন আগে পরিবারের সবাইকে হারিয়ে শোকে পাথর জেসমিন।এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন স্বজনরা। তাদের মৃত্যুর খবরে পুরো গ্রামজুড়ে শোক নেমে আসে। সড়কে মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে? প্রশ্ন তাদের।এলাকাবাসীরা বলেন, আমরা মর্মাহত। এমন অবস্থায় কোনো ভাষা নাই কি বলবো। আমরা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। তারা সবাই রাজশাহীর বাঘা উপজেলার সরের হাট এলাকার বাসিন্দা। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে দাদপুর গরগরি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।