
নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এসময় মির্জা ফখরুল জানান, দলীয় প্রার্থীরা ২৬শে ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। ২৭শে ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে এবং ২৮শে ডিসেম্বর প্রার্থী চূড়ান্ত হবে। এসময়, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে উদ্দেশ্যমূলকভাবে শিডিউল ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেইসঙ্গে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 'নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য থাকে যে সরকারি দলকে জিতানোর জন্য তারা তাড়াহুড়ো করে একটা শিডিউল ঘোষণা করেছেন। সেটাই আমরা আশঙ্কা করছি। আমরা আরও বলতে চাই ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে নির্বাচনের ফলাফলকে ম্যানুপুলেট করার। এই নির্বাচনেও ইভিএমের বিরোধিতা করছি আমরা।'