News71.com
 Bangladesh
 23 Dec 19, 01:04 PM
 125           
 0
 23 Dec 19, 01:04 PM

তাপমাত্রা বেড়েছে।। আছে শৈত্যপ্রবাহও

তাপমাত্রা বেড়েছে।। আছে শৈত্যপ্রবাহও

নিউজ ডেস্কঃ ওঠানামার মধ্যেই আছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ টানা ৩ দিন চলার পর শনিবার বিরতি দিয়ে রোববার আবার ফিরে এসেছে। রোববার রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ব্যারোমিটারের হিসাব যা-ই থাকুক না কেন, বাস্তবে শীতের প্রকোপ খানিকটা বেশিই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান হ্রাস, শীতল বায়ুর প্রবাহ বয়ে যাওয়া এবং কুয়াশার কারণে শীত অনুভূত হচ্ছে। ফলে ভোগান্তি পিছু ছাড়ছে না। খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ আছেন বেশি কষ্টে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াশার প্রকোপ কিছুটা কমে যাওয়ার খবর আসছে। আগামীকাল মঙ্গলবার এবং পরের দিন বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বৃষ্টির করণে কুয়াশা কেটে গেলে দিনের তাপমাত্রা বৃদ্ধির আশা করছেন আবহাওয়া বিভাগের (বিএমডি) কর্মকর্তারা। এই প্রক্রিয়ায় শৈত্যপ্রবাহ বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন কর্মকর্তারা। শীতে উষ্ণতার খোঁজে গরম কাপড়ের পাশাপাশি মানুষ আগুনের দ্বারস্থ হচ্ছে বেশি। বিশেষ করে গ্রামবাংলায় আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনা বাড়ছে। শনিবার পর্যন্ত আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন ১৩ জন। রোববার আরও একজনের মৃত্যু হয়েছে। বরগুনার তালতলীতে আগুন পোহাতে গিয়ে সুগন্ধ রানী (২৪) নামে এক নারী মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন