
নিউজ ডেস্কঃ অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় যাদের চোখের আলো নিভে যাচ্ছিল, জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া, অপারেশনের মাধ্যমে তাদের চোখের আলো ফিরিয়ে দিচ্ছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল। ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর এলাকার এমন ৪৫ জনের চোখের আলো ফিরিয়ে দিয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে এ অপারেশন সম্পন্ন করেছেন। ডা. মো. সালেহ আহমেদর নেতৃত্বে অপারেশন দলে রয়েছেন ডা. আবুল কালাম আজাদ ও ডা. রুবিনা আখতার। অপারেশনের জন্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এসব রোগীকে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারে আনা হয়। বুধবার অপারেশন শেষে একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাদের বাড়ি পাঠানো হবে। সুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার কর্তৃপক্ষ জানান, ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর এলাকার রেজাউর রহমান ভূঁইয়া-আরশেদা খাতুন মেডিক্যাল সেন্টার অ্যান্ড আই ক্লিনিকে চলতি বছরের ৬ ডিসেম্বর ওই ক্লিনিকসহ ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজকরা জানান, চিনাইরের ৩৩০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ছানি ও অন্যান্য অপারেশনের জন্য ৭২ জনকে নির্বাচিত করা হয়। সেখান থেকে প্রথম ব্যাচে ৪৫ জনের অপারেশন করা হয়েছে।