News71.com
 Bangladesh
 18 Dec 19, 11:23 AM
 62           
 0
 18 Dec 19, 11:23 AM

বিএনপি আবারো রাজাকারের পক্ষ নিলো ।। হাছান মাহমুদ

বিএনপি আবারো রাজাকারের পক্ষ নিলো ।। হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি আবারও রাজাকারের পক্ষ নিয়েছে এবং নিজেদের মুখোশ উন্মোচন করেছে।’ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভার আগে ‘স্বাধীনতার ৪৮ বছর পর রাজাকারের তালিকা কেন’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব তার এ বক্তব্যের মধ্যে দিয়ে রাজাকারদেরই পক্ষ নিয়েছেন। আমরা এতোদিন ধরে বলে আসছি, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের দলের চেয়ারপারসন পাকিস্তানিদের দোসর ছিলেন। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। আজ রাজাকারের তালিকা প্রকাশের পর মির্জা ফখরুল সাহেব কেন তালিকা প্রকাশ হলো- এ প্রশ্ন রেখে রাজাকারদের পক্ষ অবলম্বন করে নিজেদের মুখোশ উন্মোচন করেছেন। কারণ রাজাকারের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজাকারদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তারা বিএনপি ও তাদের সহযোগী এবং সেজন্যই এ তালিকা প্রকাশে তাদের এতো গাত্রদাহ’- বলেন আওয়ামী লীগ প্রচার সম্পাদক। এসময় ‘তালিকায় কিছু ভুল রয়েছে’ বলে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কিছু ভুল রয়েছে, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেও বলেছেন এবং ভুলগুলো অবশ্যই শুধরে নেবার সুযোগ আছে। তবে এ ভুলগুলো কেন হলো, কীভাবে হলো, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কেউ করেছে কি-না, তা অনুসন্ধান করে বের করা হবে।’ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে এদিনের প্রচার উপ-কমিটির সভা সম্পর্কে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন ‘জাতীয় সম্মেলনের তথ্যাদি council.albd.org ওয়েবসাইটে সন্নিবেশিত রয়েছে। এ সম্মেলন সামনে রেখে প্রচার উপ-কমিটির প্রত্যেক সদস্য আন্তরিক কাজের মাধ্যমে যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, তা সম্পন্ন হয়ে এসেছে। প্রত্যেক ডেলিগেটের জন্য যে পাটের ব্যাগ দেওয়া হবে, সেখানে প্রয়োজনীয় তথ্যাদি-বক্তৃতার কপিসহ ফোল্ডার, লাল-সবুজ ক্যাপ, পানির বোতল ও ডায়াবেটিকদের দিকে লক্ষ্য রেখে দু'টি লজেন্সও থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন