
নিউজ ডেস্কঃ ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখার ভিপি ও ইনচার্জ মো. আমিনুল ইসলামের জামিনে জারি করা রুল ডিসচার্জ ফর নন প্রসিকিউশন করলেন হাইকোর্ট। সোমবার (১৬ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূঁইয়া। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী হোসাইন মোহাম্মদ ইসলাম । পরে আমিন উদ্দিন মানিক জানান, গত ১৬ জুলাই তাকে কেন জামিন প্রদান করা হবে না, সেই মর্মে দুই সপ্তাহের রুল দিয়েছিলেন হাইকোর্ট। শুনানি শেষে রুল ডিসচার্জ ফর নন প্রসিকিউশন মর্মে এই রায় দেন। ফলে তার জামিন হয়নি।
মামলার বিবরণী উল্লেখ করে তিনি জানান, আসামিরা একে অন্যের যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণামূলকভাবে, ভুয়া রফতানি দেখিয়ে ২৬টি রফতানি বিল ঢাকা ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখায় জমা দেন। পরে তারা ১৭টি বিলের বিপরীতে ২৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ১২৬ টাকা উত্তোলন করেন। এর মধ্যে ৩টি বিলের মূল্যসহ ও চতুর্থ বিলের আংশিক মূল্যসহ মোট পাঁচ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা ব্যাংকে ফেরত দেন এবং অবশিষ্ট ১৪টি বিলের মূল্য ২১ কোটি ২৪ লাখ ৯১ হাজার ৪৭১ টাকা ব্যাংকে ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।