
নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৬ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন । রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখহাসিনা দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে জনতার। শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে শহীদদের উদ্দেশে পুষ্পাঞ্জলি নিবেদন করছে লাখো মানুষ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে মুখর পাড়া-মহল্লা, গলি থেকে রাজপথ।আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজ বাঙালির গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ।