
নিউজ ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সুপ্রিম কোর্ট এলাকা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট এবং বার কাউন্সিলের গেটে সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ রয়েছে। যাচাই করে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও সুপ্রিম কোর্ট বার ভবন থেকে আদালতের মূল ভবনের প্রবেশ পথেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার। বুধবার (১১ ডিসেম্বর) প্রকাশিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় আবেদনটি ১২ নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। এদিকে আদালতের নির্দেশে খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে খালেদা জিয়ার মেডিক্যাল প্রতিবেদনটি আদালতে পাঠানো হয়। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সমন্বয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তারপর সেটি সিলগালা করে আদালতে পাঠানো হয়।