News71.com
 Bangladesh
 12 Dec 19, 12:18 PM
 62           
 0
 12 Dec 19, 12:18 PM

বিক্ষোভেই ঘুরপাক খাচ্ছে খালেদার মুক্তি আন্দোলন ।।

বিক্ষোভেই ঘুরপাক খাচ্ছে খালেদার মুক্তি আন্দোলন ।।

নিউজ ডেস্কঃ  কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে। গত ২২ মাস ধরে বিএনপি নেতাদের মুখে এমন হুমকি বহুবার শোনা গেলেও বিক্ষোভ কর্মসূচির মধ্যেই ঘুরপাক খাচ্ছে এই মুক্তি আন্দোলন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। বুধবার (১১ ডিসেম্বর) তার কারাগারে যাওয়ার ৬৭২দিন পূর্ণ হয়েছে। আর দুই মাস পরই হবে তার জেল জীবনের দু’বছর। দলের লাখ লাখ নেতাকর্মী মুক্তির দিন গুনলেও আইনি প্রক্রিয়ায় তার মুক্তি হচ্ছে না। নেতারা সভা-সমাবেশে কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছেন। বিক্ষোভ মিছিল ছাড়া কর্মসূচি কিছু দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, আইনিভাবে যিনি কারাগারে রয়েছেন, তাকে আন্দোলনের মাধ্যমে কীভাবে মুক্ত করবে? এটা রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছু নয়। অপরদিকে, সরকারের মন্ত্রী কিংবা সরকারি দলের সিনিয়র নেতারাও বলছেন, আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না। সরকার না চাইলে খালেদা জিয়ার জামিন হবে না, এমন কথা বলে তার আইনজীবীরাও হাল ছেড়ে দিয়েছেন। সর্বশেষ গত ৫ ডিসেম্বর আপিল বিভাগে তার জামিন পাওয়াতে বিলম্বিত হওয়ায় আরও ভেঙে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। হতাশা থেকে আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছেন প্রধান বিচারপতির এজলাসে।

 

এদিকে, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, দলীয় চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর প্রায় দু’বছর হতে চললো। কিন্তু বিএনপি নেতারা একটি হরতাল দিতে পারলেন না। তাদের সুরে সুর মিলিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শরীকদল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও ক্ষোভ প্রকাশ করে বিএনপির সমাবেশে গিয়ে বলেছেন, আপনাদের দলের নেত্রীর মু্ক্তির জন্য একটি হরতালও দিতে পারলেন না? গত ১৯ অক্টোবর বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বিএনপি নেতাদের উদ্দেশে বলেছিলেন, আপনাদের নেত্রীকে কারাগারে রেখে আপনারা ঘুমান কী করে? যে যা-ই বলুক, খালেদা জিয়ার কারাবাস দুই বছরের কাছাকাছি হলেও বিএনপির আন্দোলন হুমকি-ধামকি বিক্ষোভ মিছিল, সমাবেশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এখান থেকে বেরিয়ে তারা কোনো কঠোর কর্মসূচি দেবে কি-না, সে বিষয়ে কেউ মূখ খুলছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন