News71.com
 Bangladesh
 12 Dec 19, 12:11 PM
 85           
 0
 12 Dec 19, 12:11 PM

সাভারে খড়বোঝাই চলন্ত ট্রাকে আগুন ।।

সাভারে খড়বোঝাই চলন্ত ট্রাকে আগুন ।।

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় একটি খড়বোঝাই চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়া বাজারের গরুর হাটের পাশে সড়কের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই ট্রাকটি বগুড়ার শেরপুর থেকে খড়বোঝাই করে আশুলিয়া বাজার এলাকার গরুর হাটে আসছিল। এ সময় দুর্ঘটনাবশত সড়কের পাশে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে ট্রাকে থাকা খড় সংস্পর্শে এসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে ট্রাকে থাকা গরুর খাবার খড়সহ ট্রাকটি পুড়ে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ট্রাকে অধিক পরিমাণে খড়বোঝাই করায় তা অনেক উঁচু হয়েছিল। এ কারণে সড়কের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে এলে এতে আগুন ধরে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়। তবে ততক্ষণে ট্রাকে থাকা অধিকাংশ খড় পুড়ে যায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন