
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান তদন্ত করে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একই আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলটির মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াতে ইসলামীর রোকন ও শাহ আলী বাগদাদী (রা.) কামিল মাদরাসার সাময়িক বহিষ্কৃত উপাধ্যক্ষ আফজাল হোসেন, মাদরাসার অধ্যাপক মুজিবুর রহমান ও আবদুল করিম, হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম, আমিনুল হক বাবু এবং ফারুক আহমদ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়েছে, ‘এ বি সিদ্দিকী গত ৬ ডিসেম্বর শাহ আলী মাজারের কাছে যান। সেখানে বিএনপি নেতা রবিউল আউয়াল সোহেলের হুকুমে বিএনপির চার/পাঁচজন কর্মী নিজেদের আওয়ামী ওলামা লীগের লোক বলে পরিচয় দেন। তারা বলেন, ‘আপনিতো (এ বি সিদ্দিকী) খালেদা জিয়া এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছেন। আমরা মিরপুরের বিএনপি নেতা রবিউল আউয়াল সোহেল ও জামায়াতের নেতাদের সরকারবিরোধী কার্যকলাপের গোপন বৈঠকের তথ্য সংগ্রহ করেছি। এ ব্যাপারে মামলা করার জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে চাই।’