
নিউজ ডেস্কঃ শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে অধ্যাপক অজয় রায়ের মরদেহ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শহীদ মিনারের সামনেই মুক্তিযোদ্ধা অজয় রায়কে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। অজয় রায়ের ছোট ছেলে অনুজিৎ রায় জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে কফিন রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সকালে বরেণ্য অধ্যাপকের মরদেহ বারডেম হাসপাতাল থেকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় নেয়া হয়। সেখান থেকে নেয়া হয় শহীদ মিনারে। সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পদার্থ বিজ্ঞানের বরেণ্য এ অধ্যাপক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদেরও একজন। তিনি নির্মূল কমিটির উপদেষ্টাও।