News71.com
 Bangladesh
 10 Dec 19, 11:24 AM
 246           
 0
 10 Dec 19, 11:24 AM

আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্মেলনের পর জোরালো হবে শুদ্ধি অভিযান!

আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্মেলনের পর জোরালো হবে শুদ্ধি অভিযান!

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর আরও জোরালোভাবে শুরু হতে পারে চলমান শুদ্ধি অভিযান। সারাদেশের উপজেলা পর্যায় পর্যন্তও এই অভিযান চালানো হবে বলে জানা গেছে। সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়, কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য অভিযান শিথিল করা হয়েছে। সম্মেলনের পর পরই এ অভিযান আবার শুরু হতে পারে বলে ওই সূত্রগুলো জানায়। গত ১৮ সেপ্টেম্বর থেকে দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অনিয়ম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় এসব অপরাধের সঙ্গে জড়িত কারো কারো নামও উল্লেখ করেন তিনি। ওই সভাতেই তিনি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাপ রাব্বানিকে পদত্যাগের নির্দেশ দেন।

এরপর ১৮ সেপ্টেম্বর যুবলীগের নেতাদের বাড়ি ও তাদের পরিচালিত ক্লাব, ক্যাসিনোতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, কথিত নেতা জি কে শামীমসহ যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগের কয়েকজন নেতা ও সিটি করপোরেশনের কাউন্সিলর গ্রেফতার হন। গত ৬ অক্টোবর যুবলীগের প্রভাবশালী নেতা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করা হয়।অভিযান শুরুর পর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম বাবুসহ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট তলব ও জব্দ করা হয়। তারাসহ প্রায় অর্ধশত নেতার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন