
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে তারা সেদিন এরশাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে গিয়েছিল। সে কথা ভুলে গেলে চলবে না। এখনো আওয়ামী লীগ এরশাদের দলের (জাতীয় পার্টি) সঙ্গে আঁতাত করে ক্ষমতা দখল করে রয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘স্বৈরাচার পতন দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারী এরশাদ সরকারের সঙ্গে আওয়ামী লীগের বহুদিন ধরে বোঝাপড়া রয়েছে। এই দলটি সবসময় প্রি-গণতন্ত্রের কথা বলে আসছে। কোনোদিন গণতন্ত্র বিশ্বাস করেনি। তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে কোনো ভূমিকা রাখেনি। আওয়ামী লীগ ১৯৭২ সালে ক্ষমতায় আসে। গণতন্ত্র ধ্বংস করে দিয়ে ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে। এরা জনগণের সামনে মিডিয়ার সামনে বড় বড় কথা বলার চেষ্টা করে। বিচার বিভাগ অবমাননার কথা বলে, তাদের কথা শুনে আমার মনে হয় ভূতের মুখে রাম নাম শুনছি।