
নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর এলাকায় বাংলাদেশ সীমান্তে ঢুকে ধরে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গোদাগাড়ী সীমান্তের ৪৭/৭ নম্বর পিলার এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের ফেরত দেয় বিএসএফ। পতাকা বৈঠকের পর রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন মাহমুদ এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরে বৃহস্পতিবারই (০৫ ডিসেম্বর) তারা পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন বিএসএফকে। পরে বিজিবি’র আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার পতাকা বৈঠকে সম্মত হয় বিএসএফ। বিকেলে নির্মলচর সীমান্তেই বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সন্ধ্যায় জেলেদের ফেরত দেওয়া হয়। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে উভয়পক্ষই সম্মত হন বলেও জানান রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়ন’র অধিনায়ক।এর আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর এলাকায় বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই জেলেকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া দুই জেলে হলেন- গোদাগাড়ীর প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (৫৫) ও মৃত মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)।