News71.com
 Bangladesh
 04 Dec 19, 08:10 PM
 130           
 0
 04 Dec 19, 08:10 PM

খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন চালুর দাবি॥

খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন চালুর দাবি॥

নিউজ ডেস্কঃ খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান। লিখিত বক্তব্যে তিনি খুলনা-যশোর রোড ছয়লেনে উন্নীত করা, শেরে-বাংলা রোড চারলেনে উন্নীতকরণ কাজ দ্রুত শুরু, ২০১৩ সালে একনেকে অনুমোদিত রূপসা ব্রিজ থেকে রূপসা ঘাট পর্যন্ত চারলেন এবং ২০১৮ সালে অনুমোদিত থ্রি-লিংক রোডের নির্মাণ কাজ দ্রুত শুরু, রূপসা ও ভৈবর নদীর তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধসহ দৃষ্টিনন্দন সৌন্দর্যপূর্ণ রিভার ভিউ রোড নির্মাণের দাবিতে নগরীর পিকচার প্যালেস মোড়ে আগামী ৮ ডিসেম্বর এবং খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, ত্রুটিযুক্ত আধুনিক রেলস্টেশন সংস্কার, খুলনা-দর্শনা ডবল রেল লাইন স্থাপনের দাবিতে আগামী ১১ ডিসেম্বর নব-নির্মিত রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, অবিলম্বে এই এলাকার স্থানীয় প্রতিনিধিদের মধ্য থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ ও সব ধরনের অনিয়ম দূর করে দুর্নীতিমুক্ত খুলনার উন্নয়নবান্ধব কর্মচাঞ্চল্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে খানজাহান আলী বিমানবন্দর দ্রুত বাস্তবায়ন (পাবলিক পার্টনারশিপভিত্তিতে এ বিমানবন্দর নির্মাণে দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার মধ্যে পতিত হবে, যা খুলনাবাসীর কাম্য নয়) এবং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও জ্বালানিবান্ধব শিল্প স্থাপনে অবিলম্বে বিদ্যমান পাইপ লাইনে গ্যাস সরবরাহ, ভোলার দ্বিতীয় কূপ থেকে খুলনায় গ্যাস সরবরাহ করার জন্য পাইপ লাইন স্থাপন, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের লক্ষে এ অঞ্চলে দ্রুত জরিপের ব্যবস্থা গ্রহণ করার দাবি উপস্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন