News71.com
 Bangladesh
 04 Dec 19, 08:09 PM
 123           
 0
 04 Dec 19, 08:09 PM

বাজার মনিটরিং করে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়॥কৃষিমন্ত্রী

বাজার মনিটরিং করে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়॥কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব-পুলিশ বা মনিটরিং করে কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। বাজার মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। যোগান বা সরবরাহ বেশি হলে কিছু করা লাগবে না, এমনিতেই পণ্যের দাম কমে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সারের মূল্য হ্রাস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ছে, সরকার কী বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, আমি সবসময় বলি কাঁচাবাজারের সব পণ্যই পচনশীল। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বা র্যাব দিয়ে অভিযান চালিয়ে আপনি কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাজারের যে শক্তি সেটাই এটাকে নিয়ন্ত্রণ করবে। বাজার মনিটর করার জন্য সব দেশেই কমিটি রয়েছে। কিন্তু তেমনভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। এটা নির্ভর করে চাহিদা ও যোগানের ওপর। যোগান বা সরবরাহ বেশি হলে কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি দাম কমে যাবে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু সম্প্রতি লবণের দাম বৃদ্ধির ব্যাপারটি আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই নিয়ন্ত্রণ করা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, লবণের বিষয়টা ছিল গুজব। তাই সহজেই নিয়ন্ত্রণ করা গেছে। চাহিদার তুলনায় লবণ বেশি আছে তাই সম্ভব হয়েছে। আমি বলেছি, শুধু বাজার মনিটর করে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। তারপরও বাজারতো মনিটর করতেই হবে। কিছু ভুলতো আমাদের রয়েছেই। যখন আমাদের পেঁয়াজ পচে গেলো তখনই তো আমাদের উচিত ছিল বেশি বেশি পেঁয়াজ আমদানি করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন