News71.com
 Bangladesh
 04 Dec 19, 05:52 PM
 111           
 0
 04 Dec 19, 05:52 PM

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক॥

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক॥

নিউজ ডেস্কঃ বিশিষ্ট ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় মেয়র প্রয়াত ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মেয়র বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের একজন অন্যতম সৈনিক ছিলেন রওশন আরা বাচ্চু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি নিজের জীবন বাজি রেখে যেসব ছাত্র নেতারা তৎকালীন প্রাদেশিক সরকারের ডাকা ১৪৪ ধারা ভেঙ্গে মাতৃভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনে নেমেছিলেন, রওশন আরা বাচ্চু তাদের মধ্যে অন্যতম। ‘সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিল নিয়ে এগোলে তিনি পুলিশের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন। তিনি একাধারে একজন রাজনীতি সচেতন ও শিক্ষানুরাগী মানুষ ছিলেন। ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর অবদান এই জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

মঙ্গলবার ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রওশন আরা বাচ্চু। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় রওশন আরা বাচ্চু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালযের (ঢাবি) ছাত্রী। ২১ ফেব্রুয়ারি যেসব ছাত্রনেতারা ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে ছিলেন, তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি জনমত সমর্থনের জন্যও ব্যাপক তৎপরতা চালান। তিনিই সেসময় ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করে আমতলার সমাবেশস্থলে নিয়ে আসেন। সেখান থেকেই ছাত্রনেতারা ১৪৪ ধারা ভঙ্গের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তারা ব্যারিকেড টপকিয়ে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন