
নিউজ ডেস্কঃ নির্বাচনী ইশতেহার মাথায় রেখে সত্যিকারের গ্রিন, ক্লি ন সিটি তথা আধুনিক নগরের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র জানান, নগরের ১ হাজার ৩৭৫টি খোলা ডাস্টবিন থেকে ৮২৫টি অপসারণ করা হয়েছে। নগরবাসীর সংখ্যা বেড়েছে বর্জ্য বেড়েছে। জনদুর্ভোগ লাঘবে দিনের বেলা থেকে রাতে বর্জ্য অপসারণ করছি। আমরা ৯ লাখ বিন বিতরণ করেছি। ১৯৭২ জন পরিচ্ছন্ন শ্রমিক নিয়োগ দিয়েছি। জনগণকে সচেতন করতে সক্রিয়, বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম। আমাদের সফল হতেই হবে। সত্যিকারের ক্লিন সিটি করতে হবে। ১২৫৬ কোটি টাকা ব্যয়ে ৭ ফুট প্রস্থ, ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খননের কাজ চলছে। ভূমি মালিকদের তিনগুণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এস আলম গ্রুপের মাধ্যমে নগরে গণপরিবহন সংকট কাটাতে তিন রঙের ১০০ এসি বাস চালু করা হচ্ছে। আশাকরি জানুয়ারিতে ৩ রুটে এসব বাস চালু হবে। স্টপেজের জায়গা চিহ্নিত করা হচ্ছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে আন্দরকিল্লার কেবি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। অপরিকল্পিত নগরায়ণের কুফল নগরবাসী ভোগ করছেন জানিয়ে মেয়র বলেন, নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প নিয়েছি। এখানে বন্দরের জমি লিজ নিয়ে অনেক জ্বালানি স্থাপনা ও তৈলাধার গড়ে তোলা হয়েছে। যা সরানো কঠিন কাজ। সিমেন্ট ক্রসিং পর্যন্ত দুই পাশে ড্রেন তৈরি করা হচ্ছে। জাইকার অর্থায়ন ও ডিজাইনে হচ্ছে পোর্ট কানেকটিং ও এক্সেস রোডের কাজ। নিমতলা থেকে অলংকার পর্যন্ত ৬ দশমিক ২ কিমি পোর্ট কানেকটিং সড়ক। এক্সেস রোডের কাজে এলইডি লাইটিং অন্তর্ভুক্ত করা হয়েছে। আরাকান সড়কের কাজ ১২টি লটে চলমান আছে। কম সময়ে ডিসেম্বরের মধ্যেছ কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।