News71.com
 Bangladesh
 03 Dec 19, 06:38 PM
 80           
 0
 03 Dec 19, 06:38 PM

এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে মুন্সিগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন॥

এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে মুন্সিগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্যরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে বার্ষিক ১০৪ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়ে এমপিওভুক্তির জন্য আবেদন করেছি। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে অন্তর্ভুক্তি কিংবা কোনো নির্দেশনা না থাকায় ৩৫০০ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছি। কিন্তু ডিগ্রি পদের ৩য় পদের শিক্ষকগণ নীতিমালা না থাকলেও এমপিওভুক্ত হতে পারছেন। এ নীতিমালা সংশোধন সংক্রান্ত ১৩টি প্রস্তাবনা ও সুপারিশ করছি। শিগগির আমাদের দাবিগুলো মেনে নিয়ে বৈষম্য দূর করার মাধ্যমে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সংগঠনের মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক প্রভাষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক সৈয়দ কামরুল হাসান লিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. পাবেল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাহাবুব আলম, মোহিত লাল সোনা, সোনিয়া আক্তার, রিতারানী সাহা, তিথি পাল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন