
নিউজ ডেস্কঃ সৌদি আরবে নির্যাতনের শিকার সুমি আক্তারের পর এবার দেশে ফিরছেন হবিগঞ্জের হুসনা আক্তার। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক জাহিদ আনোয়ার ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাহিদ আনোয়ার বলেন, বুধবার রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হুসনা আক্তারের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। ভিডিও বার্তায় দেখে হুসনাকে দেশে ফেরাতে উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাণী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। তিনি বলেন, জেদ্দা কনস্যুলেট হুসনা আক্তারকে উদ্ধারের জন্য নাজরান পুলিশকে অবহিত করে। হুসনা আক্তার সৌদি রিক্রুটিং অফিস ‘রুয়াদ নাজরান’র (লাইসেন্স নং- ৩৯১৮৬১৮) মাধ্যমে প্রায় তিন মাস আগে সৌদি আরব যান। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মুজিবুর রহমান। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে হুসনা আক্তারকে উদ্ধারের পর সেফহোমে রাখা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে আছেন। জেদ্দা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নাজরান পুলিশ হুসনা আক্তারকে উদ্ধার করে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্রুত হস্তক্ষেপে হুসনা আক্তারকে সোমবার (২৫ নভেম্বর) উদ্ধার করা হয়।