News71.com
 Bangladesh
 28 Nov 19, 11:28 AM
 78           
 0
 28 Nov 19, 11:28 AM

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ ডিসেম্বরে॥

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ ডিসেম্বরে॥

নিউজ ডেস্কঃ অনলাইনে আবেদন নেওয়ার পর মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের এবার উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড দেওয়ার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের মাঝামাঝি এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, নির্বাচন কমিশনার কবিতা খানম মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এজন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর (শুক্রবার)। জানাগেছে, গত ৫ নভেম্বর অনলাইনে প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এরপর থেকে প্রতিদিন ৫০টির মতো আবেদন পড়ছে অনলাইনে। তারপর এগুলো আবেদনকারী প্রবাসীদের নিজের উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে ইতিবাচক তদন্ত প্রতিবেদন এলেই সংশ্লিষ্টদের স্মার্টকার্ড ছাপিয়ে মালয়েশিয়া নিয়ে যাওয়া হবে। ইসির একটি টেকনিক্যাল টিম যাবে সেখানে। যারা প্রবাসী নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে স্মার্টকার্ড সরবরাহ করবেন। তবে এটি হবে পরীক্ষামূলক সরবরাহ কার্যক্রম। পরে এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। মালয়েশিয়ার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর দুবাইতেও স্মার্টকার্ড সরবরাহ করবে ইসি। দুবাইতে অনলাইনে ভোটার কার্যক্রম উদ্বোধন করা হয় গত ১৮ নভেম্বর (সোমবার)। মালয়েশিয়া ও দুবাই প্রবাসী বাংলাদেশিরা services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারছেন। পরে পর্যায়ক্রমে যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশে কার্যক্রম শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন