
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা জানান। হলি আর্টিজানের ওই হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আইনমন্ত্রী বলেন, সেখানে ইতালিয়ান, জাপানি নাগরিক ছিলেন। আমাদের বাংলাদেশের নাগরিক ও পুলিশের অফিসার ছিলেন, যারা এই দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য নিজেরা প্রাণ দিয়েছেন। মামলার ২১ আসামির মধ্যে হামলার দিন পাঁচজন অভিযানে নিহত হয়। এরপর আরও আটজন গ্রেফতার অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হয়। বাকি আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর একজনকে খালাস দেওয়া হয়েছে। ‘আমরা সরকারের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা আরও বলতে চাই, এ রকম চাঞ্চল্যকর এবং যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেগুলো দ্রুত শেষ করতে পারছি, সেটাও মনে হয় সন্তুষ্টির কারণ।’
‘দুর্ঘটনাটি যখন ঘটেছিল ১ জুলাই, সেসময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, এসব অপরাধীদের দ্রুত বিচার করে শাস্তির আওতায় আনতে হবে। সে কথারই সত্যতা প্রমাণ হলো আজ। আমরা এ বিচার কার্যক্রম ও রায়ে সন্তুষ্ট।’ গত ডিসেম্বর থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল জানিয়ে তিনি বলেন, ২১১ জন সাক্ষীকে অভিযোগপত্রে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রয়োজনীয় ১১৩ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারিক আদালত এই রায়ে উপনীত হয়েছেন। একজন আসামি খালাস পাওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি এখনো রায়ের কপি পড়িনি। রায়ের কপি পড়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।