News71.com
 Bangladesh
 27 Nov 19, 07:12 PM
 148           
 0
 27 Nov 19, 07:12 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সচল করাসহ তিন দফা দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ॥

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সচল করাসহ তিন দফা দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ॥

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা, উপাচার্য অপসারণের দাবিতে চলা আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচারসহ তিনদফা দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারের আন্দোলনকারীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে মিছিল বের করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, 'চার মাস হতে চললো শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিষয়ের সুরাহা হয়নি। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, হল খালি করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বিক্ষোভ মিছিল করছি।

তিনি বলেন, প্রশাসনকে জানা উচিৎ কোনোভাবেই এই আন্দোলন দমন করা যাবে না। আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। হল ভ্যাকেন্টের ঘোষণা দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ সিন্ডিকেট সদস্যদের মতের ভিত্তিতে। সুতরাং, হল ভ্যাকেন্টের এই অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এসময় আগামী ৩ ডিসেম্বর উপাচার্যের দুর্নীতির খতিয়ান পুস্তিকা আকারে প্রকাশ করার ঘোষণাও দেন তিনি। সমাবেশে ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, সারাদেশ জানে জাহাঙ্গীরনগরে দুর্নীতি হয়েছে। যারা টাকা পেয়েছে তারা সারাদেশের মানুষের সামনে স্বীকার করেছে যে টাকা পেয়েছে। উপাচার্য যদি দুর্নীতি না করে থাকেন, তাহলে সারাদেশের মানুষের সামনে সেটা প্রমাণ করুন যে উপাচার্য দুর্নীতির সঙ্গে জড়িত নন। দুর্নীতিবাজকে রক্ষা করার জন্য অগণতান্ত্রিকভাবে হল বন্ধ করে রাখা হয়েছে। এভাবে ১৫ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মধ্যে ফেলা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন