
নিউজ ডেস্কঃ শীতের শুরুতেই মাদারীপুরের কাঁঠালবাড়ী থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এছাড়া মধ্যরাতের দিকেও কুয়াশার কারণে ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। ফলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে পদ্মায় দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এসময় কয়েকটি ফেরি মাঝ পদ্মায় কিছুসময় নোঙর করেছিল। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ‘ভোরের দিকে কিছু সময় বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। তবে সকাল ৭টা থেকে ফের ফেরি চলছে।’