
নিউজ ডেস্কঃ ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারাকে হারান কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর কারো পরিবার যাতে এমন শোকে ডুবে না যায়, সেজন্য সড়ক দুর্ঘটনা রোধে আন্দোলন গড়তে তিনি প্রতিষ্ঠা করেন ‘নিরাপদ সড়ক চাই’। ২৬ বছর ধরে সংগঠনটি নিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হলে ইলিয়াস কাঞ্চনকে অপমান করে নানা অপপ্রচার চালানো হয়। এমন সময় তাকে সমর্থন জানিয়েছে ভক্ত ও সাধারণ মানুষ। তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন অনেকে। এবার ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়কের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং তাকে অপমানের প্রতিবাদে মানববন্ধের ডাক দিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্যশিল্পী সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী, সহকারী পরিচালক সমিতি ও মেকআপম্যান সমিতি, লেখক সমিতিসহ চলচ্চিত্রের বেশকিছু সংগঠন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের সড়কের মানববন্ধন করবে চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো। এ প্রসঙ্গে পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা (অপূর্ব-রানা) বলেন, ‘কাঞ্চন ভাই একজন জীবন্ত কিংবদন্তি। তিনি পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য। গত ২৬ বছর ধরে তিনি নিরাপদ সড়কের দাবিতে দেশের আনাচে কানাচে ছুটে বেড়িয়েছেন। তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে থেকেও রাজ পথে নেমে এসেছিলেন দেশের সাধারণ মানুষকে সচেতন করতে। তার তাগিতে সরকার বুঝতে পেরে সড়কের নতুন আইন প্রণয়নে উদ্যোগ নেয়। কিন্তু পরিবহনের সংশ্লিষ্ট অনেকে এটা মানতে চাইছেন না।’