
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করতে হবে। আজকে বিভক্ত না হয়ে আমাদের আন্দোলনে নেমে পড়তে হবে। এখন অন্য কোনো স্লোগান না দিয়ে সবাই স্লোগান দেবেন, এই সরকার নিপাত যাক। রোববার (২৪ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করুন। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে জনগণই এ দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে।
দলনেত্রী খালেদা জিয়াকে প্রায় ২০ মাস ধরে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে দাবি করে ফখরুল বলেন, তিনি কোনো কিছুতে জড়িত না থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এই সাজা দেওয়া হয়েছে। অথচ একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে মামলা দেওয়া হয়েছিল সবগুলো মামলা তুলে নেওয়া হয়েছে। আমাদের নেত্রীর বিরুদ্ধে মামলা ছিল ৪টি যা এখন হয়েছে ৩৭টি। আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা ছিল ১৫টি যা সব তুলে নেওয়া হয়েছে। ‘এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, তারা সম্পূর্ণ অবৈধভাবে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের সমর্থন দেশের মানুষের নয়। তাদের অস্ত্র ভিন্নখানে যারা তাদের ক্ষমতায় রেখেছে।’