
নিউজ ডেস্কঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ছয়টি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ ফলাফল প্রকাশ করেন। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতিতে ভর্তির আবেদন, ফলাফল প্রকাশ ও চয়েস ফর্ম পূরণসহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, দু-একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে যবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, যবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ছয়টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ২৪৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ১৮৫ জন শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯ হাজার ৭০২ জন। পাসের হার ৯.৯৭ শতাংশ। ‘বি’ ইউনিটে ১৯০টি আসনের বিপরীতে ১২ হাজার ৪০১ জন শিক্ষার্থী আবেদন করেন।
এ বছর ছয়টি ইউনিটে ৭টি অনুষদের অধীনে ২৬টি বিভাগে ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। এ ফলাফল পরবর্তীতে জানানো হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ‘চয়েস ফর্ম’ পূরণ করতে পারবে। পরবর্তীতে ১ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ২ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ৩ ডিসেম্বর ‘সি’ ইউনিট, ৪ ডিসেম্বর ‘ডি’ ও ‘এফ’ ইউনিট এবং ৫ ডিসেম্বর ‘ই’ ইউনিটে উত্তীর্ণদের মেধা তালিকার ক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত ২১ ও ২২ নভেম্বর যবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.just.edu.bd থেকে জানা যাবে।