
নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সংগঠনের একজন কর্মী হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলমান কর্মসূচিকে দ্বিতীয় বিপ্লব হিসেবে অভিহিত করে তা সফল করতে কাজ করবেন বলেও জানান। শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া একথা জানান শেখ পরশ। সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কংগ্রেসের উদ্বোধন করার পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনের নেতৃত্ব নির্বাচনের এ অধিবেশনে কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চয়ন ইসলাম যুবলীগের পরবর্তী চেয়ারম্যান হিসেবে পরশের নাম প্রস্তাব করলে বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তা সমর্থন করেন। এ পদে আর কোনো নামের প্রস্তাব না ওঠায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন পরশ। এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে-বাইরে হাজারো নেতাকর্মী বিপুল করতালি এবং স্লোগান দিয়ে পরশকে স্বাগত জানান।