
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, কোনো চাপের কাছে খালেদা জিয়া মাথা নতো করবেন না। আইনি প্রক্রিয়ায় জামিন প্রাপ্তি তার সাংবিধানিক অধিকার। এ অধিকারের জন্য তিনি আপস করবেন না। তাই আমাদের ওপর দায়িত্ব বর্তেছে, রাজপথে অবস্থান নিয়ে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে খুলনায় প্রতিহিংসার বিচারে বন্দি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগরের কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির এ সমাবেশের আয়োজন করে। আবদুল মঈন খান সুন্দরবনকে এ জনপদের রক্ষাকবচ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে কয়লা চালিত তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। পরিবেশ-প্রতিবেশ বিনষ্ট হবে। সরকার সমর্থিত গুঁটিকয়েক লোকের পকেট ভারি করতে সারাবিশ্বে বাতিল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ হবে আত্মঘাতী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে বিএনপি সুযোগ পেলে এ প্রকল্প বাতিল করবে। তিনি বলেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে এক বছর নয় মাস বন্দি করে রেখেছে। হাসপাতালে রাখলেও তার সুচিকিৎসা হচ্ছে না। যে অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে, একই রকম অভিযোগে জামিন দেওয়ার অসংখ্য নজির এ দেশেই আছে। কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না। বাংলাদেশের সংবিধানে উল্লেখিত মৌলিক মানবাধিকার তার ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী, একজন নারী এবং একজন সিনিয়র সিটিজেন। শুধুমাত্র এ তিন কারণে তিনি জামিন পেতে পারেন।