
নিউজ ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে তুরস্কের আংকারায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। আংকারার মেট্রোপলিটন হোটেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) তুরস্কের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের বিমান বাহিনী প্রধান জেনারেল হাসান কুচক আকিউচ। অন্যান্যদের মধ্যে টার্কিশ বিমান বাহিনী চীফ অব স্টাফ লে. জেনা. ইসমাইল গুনেকায়া, টার্কিশ চীফ অব জেনারেল স্টাফ অফিসের চীফ অব লজিস্টিকসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তুরস্কে কর্মরত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, তুরস্ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ প্রতিনিধি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে আগত কর্মকর্তা, বাংলাদেশ অডিট বোর্ডের কর্মকর্তা, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আগত কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদ প্রবাসী বাংলাদেশী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশ ও তুরস্কের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল তারিকুল আলম, এনডিসি, পিএসসি তার সূচনা বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।