
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের মেধাবীদের বিদেশে পাঠানোর বদলে দেশেই তাদের জন্য কাজের সুযোগ করা যেতে পারে। যথাযথ পারিশ্রমিক ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন ক্যারিয়ার দিতে পারলে বিদেশে দেশের তরুণদের ‘ব্রেইন ডেমেজ’ হবে না। এমনটাই মনে করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড (এপিকটা)-২০১৯ এর চতুর্থ দিন। এদিনই জাজিং সেশনের দ্বিতীয় ও শেষ রাউন্ডে নিজেদের প্রকল্প উপস্থাপন করবে এবারের ১৯তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা প্রতিযোগী দলগুলো।
এর আগে বুধবার (২০ নভেম্বর) এক সাক্ষাৎকারে বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর। এপিকটা ও দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করেন তিনি। জাপানের মতো এপিকটাভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তরুণদের কাজের সুযোগ করা যায় কি-না এমন প্রশ্নের জবাবে আলমাস বলেন, অবশ্যই করা যায়। তবে আমার মনে হয়, এতে আমাদের ‘ব্রেইন ডেমেজ’ হবে। আমাদের মেধাবী তরুণরা বাইরে চলে যাবে। বাইরে গিয়ে তো তারা বাইরের দেশের জন্য কাজ করবে, আমাদের জন্য না। তার থেকে বড় কথা, আমাদের নিজেদের দেশেই এখনো চাহিদার তুলনায় দক্ষ জনবল তৈরি হয়নি এই খাতে। আমাদের আরও লোকবল প্রয়োজন। তাই আমার মনে হয়, আরও অধিক পরিমাণে তরুণদের এই খাতে দক্ষ করে গড়ে তুলে তাদের দেশেই কাজে লাগানো যায়।