
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন করা হয়েছে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। পেঁয়াজের ইস্যু না পেয়ে এবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।বুধবার (২০ নভেম্বর) দুপুরে শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন নেতাদের বৈঠক আছে। আশাকরি সব সমস্যার সমাধান হয়ে যাবে। মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে শাস্তি দেবেন না। দুর্ভোগে ফেলবেন না।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ঝলক দেখিয়ে সফল হওয়া যায় না। রাজনীতিতে মডারেট ব্যক্তিরাই সফল হবে। শেখ হাসিনার সততা, পরিশ্রম ও কমিটমেন্ট তার সাফল্যের চাবিকাঠি। বিশ্বের ১০ জন প্রভাবশালী রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি একজন। গত ৪৪ বছরে এ দেশে সবচেয়ে সাহসী, বিচক্ষণ, প্রশাসক, সফল কূটনীতিক ও সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। তিনি বলেন, ত্যাগ এবং পরিশ্রম করলে রাজনীতিতে স্বীকৃতি পাওয়া যায়। জোর করে স্লোগান দিয়ে নেতৃত্ব পাওয়া যায় না এবং জনগণের কাছে সে নেতৃত্বের কোনো আবেদন থাকে না। আমরা সমুদ্র জয় করেছি, সীমান্ত জয় করেছি। বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রবৃদ্ধিতে সবার শীর্ষে রয়েছে। আমরা গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এগুলো সম্ভব হয়েছে দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণেই। বিএনপিকে উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতির কারণে তারা সব ঘাঁটি হারাচ্ছে।